উত্তরায় র্যাব পরিচয়ে ১ কোটির বেশি টাকা ছিনতাই

প্রকাশ :
সংশোধিত :

রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে অভিনব কায়দায় এক নগদ এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, র্যাবের পোশাক পরা ছিনতাইকারীরা কালো রঙের একটি মাইক্রোবাসে এসে দুটি মোটরসাইকেলে থাকা চারজন নগদ কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে। ওই কর্মীরা নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের বাসা থেকে টাকা নিয়ে অফিসে যাচ্ছিলেন।
পরে তিনজন কর্মীকে টাকাসহ মাইক্রোবাসে উঠিয়ে নেয় ছিনতাইকারীরা এবং কিছুক্ষণ পর উত্তরা ১৭ নম্বর সেক্টরে তাদের ফেলে রেখে যায়। অপর একজন কর্মী ওমর হোসেন দৌড়ে পালিয়ে ১ লাখ টাকার একটি ব্যাগ রক্ষা করতে সক্ষম হন।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় এখনও মামলা হয়নি। তবে নগদের চার কর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। ছিনতাইয়ের জন্য ব্যবহৃত গাড়ির নম্বর এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
পুলিশ বলছে, টাকা বহনের সময় ব্যবহৃত দুটি মোটরসাইকেলের একটিতে পুরো ১ কোটি ৮ লাখ টাকা থাকাটা সন্দেহজনক, তাই ভেতর থেকে কেউ তথ্য দিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও ধরতে কাজ করছে পুলিশ।


For all latest news, follow The Financial Express Google News channel.